ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জেরা করার জন্য সমন পাঠিয়েছে। শাহরুখ খানের মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের শেয়ার বিক্রির একটি পুরানো মামলার জেরেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ওই সংস্থার সূত্রে জানা গেছে। খবর বিবিসির।
শাহরুখ খানের কার্যালয় অবশ্য দাবি করেছে—তারা এখনো ইডির নোটিস পাননি, তবে কলকাতা নাইট রাইডার্সকে সমন পাঠানো হলে দলের পক্ষ থেকেই বিষয়টির জবাব দেয়া হবে। ২০১০-১১ সাল থেকেই ই.ডি. বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং সেখানে অভিযোগ ছিল, কলকাতা নাইট রাইডার্সের শেয়ার মরিশাসের একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে আসল দামের চেয়ে অনেক কমে এবং এর মাধ্যমে অন্তত ১০০ কোটি রুপির সমান বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে এবং দেশের আইন ভাঙ্গা হয়েছে। প্রায় চার বছর আগে এই বিষয়ে শাহরুখকে মুম্বাইতে জেরা করা হয়েছিল। এবার শাহরুখ খান নন, নোটিস পাঠানো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক ও তার স্ত্রী গৌরি খান, চিত্র তারকা জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহটাকেও।
