বাঘাইছড়িতে ডায়রিয়ায় ৫ জনের মৃত্যু

আপডেট : ১৪ মে ২০১৫, ১২:৩৭
 
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের তিনটি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ৩০ জন। বুধবার বিকাল থেকে ভোররাত পর্যন্ত তারা মারা যান।
 
তারা হলেন- বাতুরাম ত্রিপুরা, ভদ্রপতি ত্রিপুরা, কুহল্যা ত্রিপুরা, বিদ্যা মোহন ত্রিপুরা ও লক্ষী রানী ত্রিপুরা।
 
মিজোরাম সীমান্তবর্তী শিয়ালদহের মৌজা হেডম্যান জুপিকাং ত্রিপুরার বরাত দিয়ে রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সুশোভন দেওয়ান জানান, সাজেকের শিয়ালদাহ, চাইল্যাতলী ও লবণপাড়া গ্রামে নারীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
সুশোভন দেওয়ান জানান, গ্রামগুলো ত্রিপুরা অধ্যুষিত এবং অত্যন্ত দুর্গম এলাকা। পায়ে হেঁটে গ্রামে যাওয়া ছাড়া যোগাযোগের আর কোন মাধ্যম নেই। তারপরও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে দুইটি মেডিকেল টিম ইলুই এলাকায় পৌঁছেছে। এলাকার ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে মেডিকেল টিম কাজ করছে।
 
শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপকাং ত্রিপুরা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনায় বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত অন্তত সাতজন মৃত্যুবরণ করেছে। আরো ২৫ জনের মতো মুমূর্ষু অবস্থায় পড়ে আছে।
 
বাঘাইছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থেকে একটি মেডিকেল টিমও রওনা হয়েছে।
 
এ ব্যাপারে জেলা প্রশাসক সামসুল আরেফিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি পাঁচজনের মৃত্যুর কথা শুনেছেন। সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না।
 
এদিকে পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।