দেশীয় মডেলিং জগতে নিজের একচ্ছত্র রাজত্ব এখনো টিকিয়ে রেখেছেন সবার প্রিয় তারকা নোবেল। মডেলিংয়ের এই রাজপুত্র বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করছেন। যা বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এই বিজ্ঞাপনচিত্র ও তার বর্তমানের ব্যস্ততা নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
দেশের মডেলিং অ্যারিনায় প্রায় দুই যুগ ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন নোবেল। এখন পর্যন্ত তিনিই দেশের সবচেয়ে দামি এবং নামী মডেল। এই সাফল্যের পেছনের রহস্যের কথা জানতে চাইলে নোবেল বলেন, ‘আমি সবসময় নিয়ম-নিষ্ঠা আর পরিমিতির মধ্যে থাকার চেষ্টা করেছি। ইচ্ছে করলে চাকরি ছেড়ে দিয়ে একের পর এক বিজ্ঞাপনে কাজ করে যেতে পারতাম। এতে আর্থিকভাবেও হয়তো লাভবান হতাম। কিন্তু কখনোই আমি এমনটি ভাবিনি। যেকোনো কাজ করার আগে তা নিয়ে যথেষ্ট চিন্তা-ভাবনা করেছি। প্রতিদিন আমাকে শুটিং করতে হবে, কাজ করতে হবে, এমনটি আমি মাথায় আনিনি। আমি সবসময় চেয়েছি, প্রতিটি কাজে বৈচিত্র্য আনতে এবং যেটা করব সেটা ভালোভাবে বুঝে মনোযোগ দিয়ে করব।’
এ প্রসঙ্গে নিজের কাজের একটি উদাহরণ তুলে ধরে নোবেল বলেন, ‘একটি বিজ্ঞাপনে আমাকে বক্সারের চরিত্রে রূপদান করতে হবে জানলাম। আমি নিজের উদ্যোগেই আমার পরিচিত এক বক্সারের কাছে গিয়ে কয়েক সপ্তাহ ট্রেনিং নিয়ে বক্সিংয়ের কলাকৌশল রপ্ত করি। তারপর ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালাম। প্রায় প্রতিটি কাজেই আমি আগে নিজেকে এভাবে প্রস্তুত করি।’
নোবেল যখন মডেলিংয়ে আসেন, তখন তিনি টগবগে তরুণ। এর প্রায় দুই যুগ পরে আজ তার মধ্যে হয়তো বয়সের একটা ভারিক্কি এসেছে, কিন্তু মিইয়ে যায়নি তারুণ্য। আশ্চর্যভাবে তিনি ধরে রেখেছেন ফিটনেস। এ বিষয়ে নোবেলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনে পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করি। কখনোই আমি নিজস্ব সেই রুটিন ভেঙে বেরিয়ে আসিনি। একদিন গভীর রাত পর্যন্ত কাজ করলাম, আর পরের দিন দুপর পর্যন্ত ঘুমালাম। একদিন খেলাম না তো পরের দিন একগাদা খাবার খেয়ে ঘুমালাম, এটা আমার অভ্যাস নয়। আমি প্রতিদিন হালকা ব্যায়াম, সুইমিং, জিম, সময়মতো খাওয়া, রেস্ট নেওয়া এবং অফিস করা সবই ছক বেঁধে করি। আজ পর্যন্ত আমি কারো দেওয়া ডেট অনুযায়ী কাজ করিনি। আমার ছুটির সঙ্গে মিলিয়ে শুটিং করেছি। চাকরি ঠিক রাখার পাশাপাশি শোবিজের ক্যারিয়ারটাও তাই ঠিক রাখা আমার পক্ষে সম্ভব হয়েছে।’
জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের নির্দেশনায় ‘আজাদ বলপেন’র ‘Lonely Day, Lonely Night’ বিজ্ঞাপনটিতে আইয়ুব বাচ্চুর গাওয়া এই জিঙ্গেলটি এখনো মানুষের হূদয়ে গেঁথে আছে। নোবেলের প্রথম ব্যাপক দর্শকপ্রিয় বিজ্ঞাপন এটি। এরপর বহু বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন। হয়েছেন মডেলিং জগতের রাজপুত্র। তবে এখন অনেকেই তাকে অনুকরণ কিংবা অনুসরণ করলেও নোবেল কাউকেই তা করেননি। বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করছেন চিরসবুজ মডেল নোবেল। রবির ইন্টারনেট প্যাকেজের নতুন তিনটি অফারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে।
যদিওবা নোবেল নিজেই রবির সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে ‘হেড অব এন্টারপ্রাইজ বিজনেস’ হিসেবে কর্মরত আছেন। যেখানে চাকরি করছেন তারই প্রচার এবং প্রসারে নিজের মডেল হওয়া প্রসঙ্গে নোবেল বলেন, ‘শুরুতে যখন রবির মার্কেটিংয়ের সবাই আমাকেই মডেল হিসেবে কাজ করতে উত্সাহ দেন, তখন ভাবলাম আদৌ করা ঠিক হবে কিনা। পরে যখন ভেবে দেখলাম, যেহেতু আমি এখানে চাকরি করছি, তাই আমারই উচিত প্যাকেজগুলো সম্পর্কে যথাযথভাবে গ্রাহকদের কাছে তথ্য পৌঁছানো। আমি সম্মতি জানালে রবির ব্র্যান্ড টিম খুব উচ্ছ্বাস প্রকাশ করে। ফারুকীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। নিঃসন্দেহে তিনি অসাধারণ একজন বিজ্ঞাপন নির্মাতা। তারসঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। তিনি আমাকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন, যা আমার জন্য সত্যিই অনেক ভালো লাগার।’
নোবেল আরও জানান, বিজ্ঞাপনটিতে তাকে ‘ডিজিটাল মামা’ হিসেবে দেখা যাবে। এর আগে এই ধরনের বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি। এদিকে নোবেল সর্বশেষ কনকা টেলিভিশনের মডেল হয়ে কাজ করেছেন কয়েক মাস আগে। সর্বশেষ তিনি নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় ‘তারপর নদী’ নাটকে কাজ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সজল ও মিলা হোসেন। এটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। আসছে ঈদের জন্য নির্মিত আরেকটি নাটকে অভিনয় করবেন নোবেল।
