৬ বছর পর

আপডেট : ১৪ মে ২০১৫, ১২:৪৭
 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন দীর্ঘ ছয় বছর পর আবারও জুটিবদ্ধ হয়ে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে নাটকে অভিনয় করলেন। আশরাফুল চঞ্চলের রচনা ও আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘তেল’ নামের এক খণ্ডের নাটকে দর্শকরা তাদের দেখতে পাবেন।
 
নাটকের গল্পে দেখা যাবে, আলী হোসেন একটি অফিসের কেরানি। যে কারণে তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। স্ত্রী, সন্তানের নানা আবদার বেশিরভাগ সময়ই তার পক্ষে রাখা সম্ভব হয়ে উঠে না। যে কারণে স্ত্রীকে নানাভাবে ম্যানেজ করে তাকে চলতে হয়। একদিন এমনই অবস্থায় আরও কঠিন বাস্তবের মুখোমুখি হয় আলী হোসেন। এগিয়ে যায় নাটকের গল্প।
 
এই নাটকে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘আবু রায়হান জুয়েলের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তার তিনি এমন স্ক্রিপ্টই বাছাই করেন যেখানে আসলে একটি মেসেজ থাকে। ‘তেল’ নাটকেও একটি মেসেজ আছে। আমি রেবেকা চরিত্রে অভিনয় করছি। যথেষ্ট আন্তরিকতা নিয়ে পুরোনো ঢাকার একটি পুরোনো বাড়িতে অনেক কষ্ট করে কাজটি করেছি। রিয়াজ ভাই সবসময়ই সহযোগীপরায়ণ একজন মানুষ। দীর্ঘদিন পর কাজ করে খুব ভালো লাগছে।’
 
আসছে ঈদুল ফিতরে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে তারিন দীপংকর দীপনের পরিচালনায় ‘গ্র্যান্ড মাস্টার’ নামের নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন।