কালশীতে কলেজ ছাত্র খুন

আপডেট : ১৪ মে ২০১৫, ১৯:৪০
রাজধানীর পল্লবীতে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তার নাম চঞ্চল হোসেন (২২)।
 
বৃহস্পতিবার সকালে পল্লবীর উত্তর কালশীর রইশেরটেক ও বুড়িরটেক এলাকার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন, আহত মোহাম্মদ আলী (৩২), রাজীব হোসেন (২৮) ও শাহীন উদ্দিনকে (৩০)।
 
বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চঞ্চল ছিলেন কোনো পক্ষের সমর্থক নন। তিনি সংঘর্ষেও মধ্যে পড়ে এ হত্যাকান্ডের শিকার হয়েছেন।
 
স্থানীয়রা জানান, পল্লবীর উত্তর কালশীর বুড়িরটেক এলাকায় জমি নিয়ে মোমিন বক্স ও শাহীনের বাবা জইনুদ্দিনের
 
মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল বেলা সাড়ে ১০ টার দিকে কালশীর রইশেরটেক ও বুড়িরটেক এলাকার মাঝামাঝি এলাকায় সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে প্রতি পক্ষ ভেবে চঞ্চলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
এদিকে এ হত্যার পর ওই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে পল্লবী থানার ওসি জিয়াউদ্দিন জিয়া জানিয়েছেন।
 
নিহত চঞ্চল হোসেনের ভাইয়ের শ্বশুর সালাহউদ্দিন আহমেদ জানান, সকাল ১১টার দিকে হোটেল থেকে নাস্তা করে চঞ্চল বের হন। এ সময় সে দু’গ্রুপের সংঘর্ষের মধ্যে তিনি পড়েন। তখন তাকে প্রতিপক্ষ ভেবে একটি গ্রুপ কুপিয়ে জখম করে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর সোয়া একটার দিকে চঞ্চল মারা যান। সালাহউদ্দিন আহমেদের দাবি, চঞ্চল কোন গ্রুপের ছিলেন না।
 
সংঘর্ষে আহত রাজীব হোসেন জানান, তার মামা মোমিন বক্সের জমি দখল করার চেষ্টা করেন প্রতিপক্ষ শাহীন উদ্দিন। সকালে তার মামা ওই এলাকায় গেলে প্রতিপক্ষরা অতর্কিত হামলা করে। জমি দখলে অভিযুক্ত শাহীন উদ্দিনও মারামারিতে আহত হন। অপর দিকে শাহীন উদ্দিন পাল্টা অভিযোগ করে জানান, তাদের জমি মোমিন বক্স দখল করে রেখেছে।
 
চিকিত্সাধীন শাহীনের ভাষ্য, কালশী এলাকায় তাঁর বাবা জইনুদ্দিনের জমি রয়েছে। জমিটি নিজের বলে দাবি করছেন মোমিন বখশ নামে এক ব্যক্তি। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।  বেলা ১১টার দিকে তাঁরা কালশী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে মোমিন বখশ ও তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তারা এলোপাতাড়ি আঘাত করতে থাকে। শাহীন ও ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে চঞ্চল ছিলেন। তিনি কোনো পক্ষের সমর্থক নন।
 
নিহত কলেজছাত্রের নাম চঞ্চল হোসেন (২২)। তার বাবার নাম হারেজ মিয়া। তাদের বাড়ি পল্লবীর উত্তর কালশীর মিরপুর-১২ এলাকায়। চঞ্চল হোসেন মিরপুর বঙ্গবন্ধু কলেজের অনার্সের ছাত্র ছিলেন। পড়াশুনার পাশিপাশি তিনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবেও কাজ করতেন।