বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে ভাবার কিছু নেই। ইট ইজ নাথিং। এটা নিয়ে আলাদাভাবে গুরুত্ব দেয়ার কিছু নেই।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, রেড নোটিশ ইজ নাথিং। নোটিশ জারি করা দেশের দৃষ্টিভঙ্গিই নোটিশে প্রতিফলিত হয়। বাংলাদেশ ইন্টারপোলের সদস্য রাষ্ট্র। সে হিসাবে বাংলাদেশ ও ইন্টারপোলের দৃষ্টিভঙ্গি একই হবে। এটা নিয়ে তাই আলাদাভাবে গুরুত্ব দেয়ার কিছু নেই।
এদিকে, সালাহউদ্দিন আহম্মেদকে নিয়ে নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য না করে মানবিক আচরণের মাধ্যমে তাকে ভারত থেকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে সরকারের যথাযথ সহায়তা কামনা করেছে বিএনপি।
আসাদুজ্জামান রিপন বলেন, আমরা চাই আগে সালাহউদ্দিন ফিরে আসুন। তার প্রকৃত অবস্থা জানা দরকার। তার পরিবারের সদস্যরা দ্রুত মেঘালয়ে যেতে চাচ্ছেন। তারা সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলার পর প্রকৃত অবস্থা জানা যাবে। এরপর বিএনপি বক্তব্য দেবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আদহমেদকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ঢাকা অফিস। বুধবার মেঘালয় পুলিশের হাতে নোটিশের কপি পৌঁছেছে বলে জানা যায়।
