ফুল রপ্তানির ক্ষেত্রে আর্থিক সহায়তা করা হবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০১৫, ২২:০৯
 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ফুলের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির জন্য দেশের ফুলচাষী ও ফুল ব্যবসায়ীদের সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশে উৎপাদিত ফুল বর্তমানে সীমিত আকারে দুবাই, সোদি আরব ও কাতারে রপ্তানি হচ্ছে। ফুল বিদেশে রপ্তানির ক্ষেত্রে সরকার প্রয়োজনে নগদ আর্থিক সহায়তা প্রদান করবে।
 
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ ফ্লায়ার সোসাইটির নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন।
 
সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিমের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধিদল তোফায়েল আহমদের সাথে সচিবালয়ে তার কক্ষে সাক্ষাৎ করেন।
 
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। এখন দেশের ২০টি জেলায় বিপুল পরিমাণ বিভিন্ন জাতের ফুল উৎপাদিত হচ্ছে। এখানে প্রায় ২০ লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। দেশের অভ্যন্তরে এখন প্রচুল ফুলের চাহিদা রয়েছে।
 
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ফুলের অনেক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক মানের ফুল বাংলাদেশে উৎপাদন সম্ভব। দেশের ফুলের উৎপাদন দিনদিন বাড়ছে।
এ সময়ে ফুলচাষীরা ফুল চাষের জন্য মূলধন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাব স্থাপন, ফুলের বীজ ও চারা সরবরাহ, ফুল অভ্যন্তরীণ বাজারে সরবাহের জন্য পাইকারী বাজারের অবকাঠামো নির্মাণ, স্থান নির্ধারণ, ফুল সংরক্ষণ এবং বিদেশের রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী সমস্যাগুলো আন্তরিকতার সাথে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
 
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।