রোজার পর ভোটার তালিকা হালনাগাদ

আপডেট : ১৪ মে ২০১৫, ১৮:৩২
 
 
 
 
 
রোজার পরই ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ। তিনি বলেন, ‘আইন অনুসারে প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এ বছর কবে থেকে শুরু করব, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে রোজার পরই হালনাগাদের কার্যক্রম শুরু হবে।’ বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘প্রতিবছর বাড়ি বাড়ি গিয়ে যেভাবে তথ্য সংগ্রহ করা হয়, এবারও সেভাবেই তথ্য সংগ্রহ করা হবে। এর পরও যদি কেউ বাদ পড়ে যান, তবে নিজ উপজেলা কার্যালয়ে গিয়ে সারা বছরই ভোটার হতে পারবেন।’
 
শাহ নেওয়াজ বলেন, ‘যেহেতু অনেকেরই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ বছর বয়সকেই প্রান্তিক ধরে ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৫ হয়েছে, তাদের তথ্য সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। তবে ১৮ বছর পূর্ণ হলেই তারা কেবল ভোট দিতে পারবে।’
 
উপজেলায় সংরক্ষিত নারী সদস্য নির্বাচনের বিষয়ে তিনি বলেন—আইনগত সমস্যার কারণে উপজেলা নারী সংরক্ষিত পদে এত দিন তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। সেগুলো ঠিক করে তফসিল ঘোষণা করা হয়েছে। ২১ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৫ জুন ৪৭৮টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ মে যাচাই-বাছাই শেষে ৩০ মে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন তারা। ইউনিয়ন ও পৌরসভায় সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারবেন, ভোটও তারাই দেবেন। প্রতিটি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।