জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

আপডেট : ১৪ মে ২০১৫, ১৯:৩৭
 
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী ৩০ মে। এ উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 
 
বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলনে জানান, ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। এতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর প্রতিদিন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আলোচনা সভার আয়োজন করবে। 
 
৩০ মে সকালে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হবে। ওইদিন সারা দেশে দলের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানান শাহজাহান।