আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সালাহ উদ্দিন আহমদের খোঁজ পাওয়ার মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ নিখোঁজদের দায়-দায়িত্বও তার (খালেদা) ওপর বর্তায়। শিলংয়ে না দার্জিলিংয়ে, নেপালে না ভুটানে কোথায় তাদের আত্মগোপনে রাখা হয়েছে তা খালেদা জিয়াই বলতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সিলেটের ব্লগার হত্যা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। তাদের হত্যার ধরন একই। কিন্তু আশ্চর্যের বিষয় হত্যাকারীরা কেউ ধরা পড়েনি। আমি মনে করি পুলিশ অপরাধীদের ধরতে চাচ্ছে না বলে ধরা পড়ছে না। ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠানের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সংগঠনের নেতা হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।
