আবার বেড়েছে খেলাপী ঋণ। গত মার্চ প্রান্তিক শেষে ব্যাংকিং খাতের খেলাপী ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৫৮ কোটি টাকায়। যা ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৪৭ শতাংশ। ডিসেম্বর প্রান্তিক শেষে খেলাপী ঋণের পরিমাণ ছিল ৫০ হাজার ১৫৬ কোটি টাকা। যা মোট ঋণের ৯ দশমিক ৬৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ সাড়ে চারশ’ কোটি টাকা বেড়ে গেছে। আগের প্রান্তিক ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ৫ লাখ ১৭ হাজার ৮৩৭ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছিল। আর মার্চ প্রান্তিক শেষে এ পরিমাণ বেড়ে হয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৩ কোটি টাকা। মোট খেলাপী বা শ্রেণিকৃত ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপী ঋণের পরিমাণ কিছুটা কমে ২২ হাজার ৬৫৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা মোট বিতরণ হওয়া ঋণের ২২ দশমিক ৪৯ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপী ঋণের পরিমাণ ৭ হাজার ৪১৭ কোটি টাকা। যা মোট ঋণের ৩৩ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোতে মোট ঋণের ছয় দশমিক তিন শতাংশ খেলাপী। যার পরিমাণ ২২ হাজার ৭৪৭ কোটি টাকা। আর এসময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মোট খেলাপী ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৯ কোটি টাকা। যা মোট ঋণের আট দশমিক ২৫ শতাংশ।
