অবশেষে ফুটবল মাঠে নজর কাড়লো আবাহনী। শেখ জামালের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আবাহনী ২-০ গোলে ম্যাচ জিতেছে। জয়ের নায়ক ওয়াহেদ আহমেদ। এই মৌসুমে কালই প্রথম ভালো ম্যাচ খেলেছে আবাহনী। নজর কাড়ার মতোই খেলা দেখেছেন গরমে উত্তপ্ত আবাহনীর দর্শক। আর একই সাথে এটাও বলতে হয় শুধু জয়ই নয় আবাহনী শেখ জামালকে মৌসুমের প্রথম হারের দাগ লাগিয়ে দিয়েছে। শেখ জামালের কোচ মারুফুল হকের তালিম নিয়ে ২৬ ম্যাচ জিতেছে, কাল ২৭ নম্বর ম্যাচে এসে হেরেছে আবাহনীর কাছে।
ফেডারেশন কাপ ফুটবল, কিংস কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। লিগের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ। শেষটা ভালো করে ঘরে ফিরতে চেয়েছিল শেখ জামাল। কিন্তু তা হলো না। আবাহনীর নজরকাড়া পারফরম্যান্সের কাছে হেরে যেতে হলো তাদের।
১০ খেলায় ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে শেখ জামাল। তবে পিছিয়ে থাকা আবাহনী এবং ৯ খেলায় ৫ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শেখ জামালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী। মোহামেডানের বিরুদ্ধে শেষ ম্যাচ আবাহনীর, ১৯ মে। তবে ঘটনা ঘটাতে পারে শেখ রাসেলও। কারণ তাদেরও আরো দুই ম্যাচ বাকি রয়ে গেছে। চট্টগ্রাম আবাহনী এবং রহমতগঞ্জের বিরুদ্ধে ম্যাচ রয়ে গেছে শেখ রাসেলের। দুই ম্যাচে ৬ পয়েন্ট পেলে রাসেল ১৬ থেকে ২২ পয়েন্টে চলে যাবে। ফলে আতংকে থাকতে হবে শেখ জামালকে। স্বস্তি নেই ১২ কোটি টাকার দলের।
ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই শেখ জামালের ওপর ঝড় তোলে আবাহনী। ম্যাচের ১৭ মিনিট পর্যন্ত আবাহনী শেখ জামালকে তুলোধুনো করে ফেলেছিল। ১৭ মিনিট পর শেখ জামালের একটা বল আবাহনীর গোলমুখের দিকে গিয়েছিল। আবাহনী ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে যাচ্ছিল। স্ট্রাইকার ওয়াহেদ শেখ জামালের গোলকিপার হিমেলকে একা পেয়েও ব্যর্থ হয়েছেন। ওয়াহেদের ওপর সমর্থকদের ক্ষোভ হলেও ম্যাচে গোল পেয়ে যাবে আবাহনী সেটা ছিল সময়ের ব্যাপার। ২১ মিনিটে গিয়ে গোলের দেখা পায় আবাহনী। সেটপিস থেকে শাহেদের ফ্রি-কিক।
এরিয়েলে কেউ বল স্পর্শ করতে পারেনি আবাহনী এবং শেখ জামালের খেলোয়াড়রা। পেছন দিকে গিয়ে বল পড়ে অরক্ষিত ওসে মরিসর, ওয়াহাদের সামনে। ওয়াহেদের মাথার সামনে বল আসার সাথে সাথে মাথায় ছুঁয়ে দেন ১-০। কোনো কারিশমা ছিলো না গোলের পেছনে। সুযোগ নিতে ভুল করেননি সদ্য বিবাহিত জীবনে পা দেয়া ওয়াহেদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল হজম শেখ জামালের। ৫৮ মিনিটে এবারও সেই ওয়াহেদ। কোমলের ক্রসের বল শেখ জামালের ডিফেন্ডার কেষ্ট এবং ইয়াসিনের মাঝে পড়ে। ওয়াহেদ যেন অপ্রত্যাশিত বলটা পেয়ে বাঁ পায়ে পুশ করে দেন, হিমেলের চোখ ফাঁকি দিয়ে ওয়াহেদের বল জালে ২-০। শেখ জামাল গোল শোধ করবে এমন খেলা দেখা যায়নি। আরো গোল খাবে কিনা, তা নিয়েও গুঞ্জন চলছিল।
আজকের খেলা ঃ মোহামেডান ঃ রহমতগঞ্জ, ৪টা ১৫। ব্রাদার্স ঃ রহমতগঞ্জ, ৬টা ৩০।
