কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

আপডেট : ১৫ মে ২০১৫, ১০:২৪



গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল মোতালেব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার বরুণ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব উপজেলার পাপলা চামুর্চি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, আব্দুল মোতালেব রাত সাড়ে তিনটার দিকে বরুণ গ্রামের একটি চায়ের স্টলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় কয়েকজন গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পালানোর চেষ্টা করে। পরে তাকে চারদিক থেকে ঘেরাও করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় তার কাছ থেকে শাবল ও গ্রিল ভাঙ্গার যন্ত্র ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, নিহত আব্দুল মোতালেবের নামে কাপাসিয়া থানায় দুটি ও জয়দেবপুর থানায় একটি চুরির মামলা রয়েছে।