স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে নারী-শিশু, অন্তঃসত্ত্বা মহিলাসহ নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তবে মানুষ পুড়িয়ে, অত্যাচার-নির্যাতন করে মন জয় করা যায় না।’ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীগাঁও গ্রামে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মন জয় করতে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। এ কারণে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষাসহ দেশের প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। শেখ হাসিনকে সময় এবং সুযোগ দেয়া হলে তিনি দেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের চেয়েও অধিক উন্নত করে তুলতে পারবেন।’
জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ৩৩ পদাধিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল এনায়েত উল্লাহ, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তাগণ।
