দেড় মাসের ব্যবধারে ফের গ্রেফতার হলেন মাদক ব্যবসায়ী জরিনা বেগম।জব্দ করা হয়েছে ১২ হাজার হাজার পিস ইয়াবা। মাদক দ্রব্য অধিদফতরের গোয়েন্দা টিম শুক্রবার রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক জাফরউল্ল্যাহ কাজল জানান—জরিনা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত মার্চ মাসের মাঝামাঝি সময় রাজধানীর কারওয়ান বাজার থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল তাকে। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে আবার ইয়াবা ব্যবসা শুরু করেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। জরিনার স্বামী দুলাল মিয়াও মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পূর্ব রামপুরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জরিনা বেগম জানিয়েছেন—টেকনাফ থেকে এক ব্যক্তি নিয়মিত তার কাছে ইয়াবার চালান পাঠান। আটক চালানটি একদিন আগে তার কাছে পৌঁছে। শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে জরিনা বেগমকে আদালতে পাঠানো হবে।
