বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে কোহলির খেলা উচিত বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি বলেছেন, আমি চাই সে টেস্ট খেলে পরবর্তী তিন ম্যাচ ওয়েনডে সিরিজে বিশ্রামে থাকুক।
তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে শক্তিশালী করার পরামর্শ দেন সাবেক এই কিংবদন্তী ক্রিকেটার। মাশরাফি-মুশফিকদের সাম্প্রতিক সফলতার চিত্র তুলে ধরে গাভাস্কার বলেন, গত বছরের এই সময় বাংলাদেশে কার্যত ‘এ’ দল পাঠিয়েছিল ভারত এবং জয়ও পেয়েছে। কিন্তু এক বছর পর এই সময়ে বাংলাদেশ অনেক ভালো করছে। তারা পাকিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি শক্তিশালী ওয়ানডে দল পাঠাতে দেখব।
এর আগে শুক্রবার এনডিটিভি জানায়, ধোনি ও কোহলি এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বিশ্রাম চেয়েছেন। সঙ্গে আরও কিছু সিনিয়র খেলোয়াড়ও বিশ্রাম চেয়েছেন। টেস্ট অধিনায়ক কোহলি এরই মধ্যে বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছেন।
আগামী ৭ জুন ঢাকা পৌঁছাবে ভারত দল। সফরে ভারত একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
