মানবপাচার-জলদস্যুতায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০১৫, ২০:৫১
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সাগর পথে মানব পাচার ও সাগরে  জলদস্যুতার সাথে জড়িতরা যত বড় গডফাদার হউক কাউকে  ছাড় দেওয়া হবে না।  
 
শনিবার সকাল ১১টার দিকে জেলার মহেশখালী উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের নতুন ভবনের কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
 
এ সময় প্রতিমন্ত্রী মানব পাচার, জলদস্যুতা প্রতিরোধে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতা কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। 
 
তিনি বলেন, এই দ্বীপ উপজেলাকে সরকার একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য নানামুখি উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
 
তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশ হিসাবে পরিণত করা হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সাধারণ মানুষের জানমাল রক্ষার করার জন্য উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছেরের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত যুগ্ন সচিব শেখ হেদায়েতুল্লাহ চৌধুরী, কক্সবাজার-রামু সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল এমপি, মহেশখালী কুতুবদিয়ার এমপি আলহাজ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো.  আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কেএম আহমদ হোসেন প্রমুখ।