স্বল্প মূলধনী কোম্পানির জন্য পৃথক সেগমেন্টের দাবি

আপডেট : ১৬ মে ২০১৫, ১৮:২৫
 
 
 
 
পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প মূলধনী কোম্পানির জন্য পৃথক সেগমেন্ট করার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর পক্ষে যুক্তিও তুলে ধরা হয়েছে। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সঙ্গে এক বৈঠকে এসব যুক্তি তুলে ধরে সিএসইর পরিচালনা পর্ষদ।
 
সিএসই জানিয়েছে—সভায় পুঁজিবাজারের উন্নয়নে মার্কেট মেকিং রুল পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া, স্ক্রিপ্ট নেটিং চালু এবং এর গুরুত্বও তুলে ধরে সিএসই। বিএসইসির সঙ্গে বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে সিএসইর কার্যক্রম ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরা হয়।
 
বৈঠকে সিএসইর পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়— গত তিন মাসে বিনিয়োগকারীদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাড়ানো হয়েছে। সিএসই নিজস্ব অফিসিয়াল  ফেসবুক পেজ খুলেছে, যার মাধ্যমে প্রতিদিনই তথ্য, সংবাদ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিনিয়োগকারীদের পরামর্শ প্রদান করা হচ্ছে। ১৪ হাজার ১৫৮ জন ব্যক্তি এরই মধ্যে সরাসরি এই  পেজের মাধ্যমে সেবা গ্রহণ করেছেন এবং ৩১ হাজার ৯৪০ ব্যক্তি এই পেজে লাইক দিয়েছেন।
 
সভায় বিএসইসির কমিশনার, সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।