রাজধানীর বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ মে ২০১৫, ১৮:৫৮
রাজধানীর মধ্যবাড্ডায় দুলাল হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার দুপুরে তার বাসার সামনে ওই যুবককে হত্যা করা হয়।
 
দুলালের স্বজনরা জানিয়েছেন, মধ্যবাড্ডার কুমিল্লাপাড়ায় জ-৩৭/১ নম্বর বাসায় (বিশ্বাস ভিলা) স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন দুলাল। শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। বাসার সামনের রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পর তার ওপর হামলা করা হয়।  দুবৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
 
দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
 
নিহতের স্ত্রী কাকলী বলেন, দুপুর বেলায় প্রকাশ্যে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তখন ওই রাস্তায় বা আশেপাশে লোকজন কেউ ভয়ে এগিয়ে যায়নি। তাই খুনিরা নিরাপদে পালিয়ে গেছে।
 
দুলাল-কাকলী দম্পতির দোলনা (১০) ও ইভা (৬) নামে দুই মেয়ে রয়েছে।
 
বাড্ডা থানার ওসি এমএ জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের ধরার চেষ্টা চলছে।