সালাহউদ্দিনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে?

আপডেট : ১৬ মে ২০১৫, ২১:২৭
 
বিবিসি বাংলার এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, ভারতের মেঘালয়ে বন্দী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ তার দলীয় নেতা আব্দুল লতিফের কাছে শারীরিক অসুস্থতার অভিযোগ করেছেন।
 
তিনি সিঙ্গাপুরের মতো চিকিত্সা পাচ্ছেন না, সেটাও গোয়েন্দাদের জানিয়েছেন। তবে শিলং হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন তিনি মোটের ওপর সুস্থই আছেন, বড় কোনও সমস্যা নেই।
 
এই পরিস্থিতিতে সালাহউদ্দিনের স্ত্রী ভারতে পৌঁছনোর পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে কীভাবে ভারত থেকে বের করে তাকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে।
 
শিলংয়ের সিভিল হাসপাতালের চিকিত্সকেরা বলে আসছেন যে শারীরিক আর মানসিকভাবে স্থিতিশীল আছেন সালাহউদ্দিন । তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট এখনও হাতে না পাওয়া গেলেও তিনি মোটের ওপর সুস্থ এটাই বলা হচ্ছে, যদিও পুরনো হৃদরোগ আর কিডনির সমস্যার কথা বলছিলেন ডাক্তাররা।
 
তবে শুক্রবার বিকেলে সালাহউদ্দিন আহমেদ তার সঙ্গে দেখা করতে আসা বিএনপি নেতা আব্দুল লতিফ জনিকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে আর চিকিত্সার ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেছেন তিনি।
 
সালাহউদ্দিন বলেছেন যে হার্ট আর কিডনির সমস্যা হচ্ছে, রাতে ঘুমোতে পারছেন না। দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে হৃদরোগের চিকিত্সা করান মি. আহমেদ, শিলং হাসপাতালে সব আধুনিক ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবেই এখানে যে চিকিত্সা ঠিকমতো হচ্ছে না সেটা সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে জানিয়েছেন আব্দুল লতিফ।
 
চিকিত্সকদের বক্তব্য আর সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্যের মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে আর বারে বারে সিঙ্গাপুরের চিকিত্সার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে কি সিঙ্গাপুরে চিকিত্সা করানোর জন্য নিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে তার পরিবারের তরফে? এই ধারণা তৈরি হওয়ার পিছনে রয়েছে কয়েকটি তথ্য:
 
শিলং হাসপাতালে সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতা আব্দুল লতিফ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানাবেন বা আবেদন করবেন?
 
 তিনি জবাব দেন, এটা সালাউদ্দিন আহমেদের স্ত্রী ভারতে আসার পরে তা/দের পরিবারই সিদ্ধান্ত নেবেন মামলা কীভাবে পরিচালনা করা হবে আর কীভাবে ভারত থেকে মি. আহমেদকে দ্রুত বের করে নিয়ে যাওয়া যায় আর কোথায় নিয়ে যাওয়া যায়।
 
পুলিশের কয়েকটি সূত্র বলছে, গোয়েন্দা অফিসারদের সঙ্গে কথা বলার সময়েও সালাউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের কথা উল্লেখ করেছেন আর সেখানে চিকিত্সা করাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।