বার্সেলোনা আজই লা লিগা শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে খেলতে যাচ্ছে। খেলাটি জিতলেই এক ম্যাচ হাতে রেখেই এক মৌসুম পর আবারো এই শিরোপা উদ্ধার করবে কাতালানরা। সেই সঙ্গে ট্রেবল জয়ের দরজাও আরো প্রসস্থ হবে তাদের জন্য। পক্ষান্তরে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর লক্ষ্য তৃতীয়স্থানে থেকে মৌসুম শেষ করা। এই লক্ষ্যে নিজেদের মাঠে অতিথি বার্সাকে হতাশ করতে চায় তারা। একই দিন লা লিগার শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদ খেলতে যাবে এস্পানিওলের মাঠে।
লিগের বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী বার্সা শিরোপার একেবারে দ্বারপ্রান্তে। ৩৬ খেলা থেকে সর্বোচ্চ ৯০ পয়েন্ট নিয়ে সবার ওপরে কোচ লুই এনরিকের দল। সমপরিমাণ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। এমন অবস্থায় হাতে বাকি থাকা দুই খেলার একটিতে জিতলেই ২৩তম লা লিগার শিরোপার স্বাদ পাবে বার্সা।
এই কাজটা অ্যাটলেটিকোর মাঠেই সাড়তে চায় কাতালানরা। স্টেডিও ভিসেন্তে ক্যালদেরনে স্বাগতিকদের হতাশ করে প্রতিশোধও নিতে চায় তারা। কেননা গত মৌসুমে মে মাসের ১৭ তারিখেই ক্যাম্প ন্যুতে শিরোপা নির্ধারণী খেলায় স্বাগতিক বার্সাকে হতাশ করে লিগের শিরোপাটি নিশ্চিত করেছিলো অ্যাটলেটিকো।
দারুণ ছন্দে আছে বার্সা। সব ধরনের প্রতিযোগিতায় গত ১৯ খেলার মধ্যে গত মঙ্গলবারই কেবল পরাজয় দেখতে হয় তাদের। এদিন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে তারা বায়ার্নের কাছে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছাতে সমস্যা হয়নি কাতালানদের। তাছাড়া দারুণ নৈপুণ্যে আছে বার্সা, দারুণ ফর্মে দলের আক্রমণভাগের তিন খেলোয়াড় লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও নেইমাররা। তাদের সম্মীলিত দ্যুতিতে লা-লীগায় শেষ চার ম্যাচে ১৮টি গোল করেছে বার্সা। যদিও ইনজুরির কারণে অ্যাটলেটিকোর মাঠে সুয়ারেজের অংশগ্রহণ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
বার্সা এক ম্যাচ হাতে রেখেই লা-লীগার শিরোপা জয়ের উল্লাসে মাততে মুখিয়ে আছে বলে জানালেন দলের তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে, ‘এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। এটি কাজে লাগাতে হবে। এটাই সুযোগ। কারণ দল দুর্দান্ত ফর্মে আছে। শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছি আমরা।’
প্রতিপক্ষ অ্যাটলেটিকোর ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিপক্ষ শক্তিশালী হলেও আমাদের দলের সেরা খেলোয়াড়রা দারুণ ফর্মে আছে। আক্রমণভাগে মেসি, নেইমার, সুয়ারেজ দারুণ খেলছে। এ ম্যাচেও তারা জ্বলসে উঠবে এবং বার্সার শিরোপা নিশ্চিত করবে।’ বার্সার ট্রেবল জয়ের লক্ষ্যের ব্যাপারে পিকে বলেন, ‘চলতি মৌসুমে আমাদের ট্রেবল জয়ের সম্ভাবনা আছে। এমন সুযোগ প্রতি মৌসুমে আসে না। আমরা ট্রেবল জয়ের জন্য লড়ছি।’
পিকের মত একই চিন্তা বার্সেলোনা কোচ এনরিকের। এ ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলে জানালেন এনরিকে, ‘দলের সবাই দারুণ ফুটবল খেলছে। পরিকল্পনা অনুযায়ী সবই হচ্ছে আমাদের। চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগেও দুর্দান্ত খেলেছে সবাই। ছোট্ট একটি ভুলের কারণে ম্যাচ হেরেছি আমরা। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নই। এখন সময় আমাদের পক্ষে যাচ্ছে। তা কাজে লাগাতে হবে এবং লা-লীগার জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা নিশ্চিত করতে হবে।’
শিরোপা নিয়ে কোন চিন্তা নেই অ্যাথলেটিকো মাদ্রিদের। তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে চিন্তাটা ঠিকই রয়েছে তাদের। এজন্য লীগের শেষ দুই ম্যাচ থেকে একটি জয় প্রয়োজন তাদের। সেই জয়টা বার্সেলোনার বিপক্ষে পেতে চান দলের কোচ দিয়াগো সিমিওনি, ‘মৌসুমের শেষটা ভালোভাবে করতে চাই আমরা। চ্যাম্পিয়ন্স লীগের টিকিট নিশ্চিত করার একটা সমীকরণও আছে আমাদের। এ ম্যাচে তা করতে পারলে দারুণ হবে। তা করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’
এদিকে, শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের টিকে থাকতে হলে এস্পানিওলের মাঠে জয় নিশ্চিতের পাশাপাশি অ্যাটলেটিকোর মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার ব্যর্থতাও কামনা করতে হবে। কারণ বার্সার হার বা ড্র’তে কিছুটা হলে আশা জাগাবে রিয়ালের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে শেষ রাউন্ডের ম্যাচ।
—সকারওয়ে/সুপার স্পোর্টস
