‘ইউরোপে জঙ্গি পাচার করছে আইএস’

আপডেট : ১৭ মে ২০১৫, ১৬:৫৮

ইউরোপে জঙ্গি পাচার করছে ইসলামিক স্টেট (আইএস)। উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে জাহাজে করে অভিবাসীদের সঙ্গে তাদের পাঠানো হচ্ছে। খবর বিবিসির।
 

লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়—উত্তর আফ্রিকার মানবপাচারকারীদের একটি অংশের ব্যবসা বর্তমানে আইএসের হাতে। নৌকা ও ক্ষুদ্র জাহাজ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে—আয়ের অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি সাপেক্ষে আইএস মানবপাচারকারীদের কাজে লাগাচ্ছে।
 

জাতিসংঘের হিসাব অনুযায়ী—চলতি বছর পাঁচ মাসের কিছু বেশি সময়ে ৬০ সহস্রধিক লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে। ফলে দুর্ঘটনায় এ বছর অন্তত ১ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ গুণ।   
 

লিবিয়া সরকারের ওই উপদেষ্টা আরো বলেন, ‘কে জঙ্গি, কে প্রকৃত শরণার্থী—তা ইউরোপীয় পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। ফলে সহজেই পাচারকারীদের নৌকায় আইএস নিজেদের লোক পাঠাচ্ছে।’
 

আবদুল বাসিত হারুন বলেন, ‘এরা যে আইএস জঙ্গি, সে বিষয়ে ১০০% নিশ্চিত।’ তার ধারণা, ‘এই জিহাদিরা ভবিষ্যতে ইউরোপে হামলা করারও পরিকল্পনায় আছে।’
 

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফ্রনটেক্স আগেই সতর্ক করে বলেছিল—বিদেশি জঙ্গিরা হয়তো ইউরোপে ঢোকার জন্য পাচারকারীদের ব্যবহূত পথগুলো ব্যবহার করছে।