৩ জুন থেকে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করবে পুলিশ

আপডেট : ১৭ মে ২০১৫, ১৪:৩৫
পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, আগামী ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করবে পুলিশ।
 
রবিবার রাজধানীর পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 
আইজিপি বলেন, মোটরযান আইন যথাযথভাবে সব জায়গায় অনুসরণ করা হচ্ছে না। দুর্বৃত্তরা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কিন্তু রেজিস্ট্রেশন না থাকায় তাদের সনাক্ত করা যাচ্ছে না। ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে নামবে পুলিশ। আজ এই ঘোষণা দিলাম। ১৫ দিন সময় দেয়া হল। এর মধ্যে মোটরসাইকেল চালক/মালিকদের রেজিস্ট্রেশন করে নিতে হবে।
 
তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করার পর যতদিন রেজিস্ট্রেশন করা হবে না ততোদিন পুলিশের হেফাজতে মোটরসাইকেল থাকবে।
 
তিনি আরো বলেন, ১৫ দিনের মধ্যে যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না তারা আবেদনের টাকা জমা দেয়ার রশিদ সঙ্গে রাখবেন। ওই রশিদ দেখালে তাদের ছাড় দেয়া হবে।