‘২০১৫-পরবর্তী লক্ষ্যমাত্রা অর্জনে নিবিড় নেটওয়ার্ক প্রয়োজন’

আপডেট : ১৭ মে ২০১৫, ১৬:০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে ঘিরে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং দক্ষিণের দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা বিরাজ করছে।
 
তিনি বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। যতই সময় গড়াচ্ছে, নতুন নতুন সহযোগিতার বিষয় এতে অন্তর্ভুক্ত হচ্ছে। 
 
রবিবার ‘২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা : দক্ষিণের উন্নয়নে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক সভা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে ২০১৫-পরবর্তী লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোর তথ্য, উন্নত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে নিবিড় নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
 
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ উদ্ভাবনমূলক ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগিতাকে আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।
 
তিনি বলেন, ঢাকায় দু’দিনের যে উচ্চ-পর্যায়ের সভা আজ থেকে শুরু হচ্ছে তা দক্ষিণ-দক্ষিণএবং ত্রিমুখী সহযোগিতার ক্ষেত্রে আরকেটি মাইলফলক হবে এবং উন্নয়ন সহযোগিতার একটি কার্যকর কৌশল হিসেবে দক্ষিণ ও উত্তরের মধ্যে সেতুবন্ধ স্থাপন করবে।
 
দক্ষিণের দেশগুলো অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য, ক্ষুধা ও মান্ধাত্বা আমলের প্রযুক্তির মত অভিন্ন চিরন্তন চ্যালেঞ্জ মোকাবেলার আকাঙ্ক্ষা নতুন প্রেরণা পাচ্ছে।
 
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জাতিসংঘ কার্যালয় (ইউএনওএসএসসি) ও ইউএনডিপি’র অংশিদারিত্বে অর্থনীতি সম্পর্ক বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে দু’দিনব্যাপী এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
 
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক ইউএনজিএ উচ্চ পর্যায় কমিটির সভাপতি একে আব্দুল মোমেন এবং জাতিসংঘে গ্রুপ-৭৭’র চেয়ারম্যান কিংসলে মামাবোলো বক্তৃতা করেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহুদ্দিন। এছাড়া জাতিসংঘে উন্নয়নের জন্য অর্থায়ন বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের কো-ফ্যাসিলেটেটর জর্জ ডব্লিউ টালবট, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘে মহাসচিবের অ্যাম্বাসেডরের দূত ইপিং ঝৌ ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ডেপুটি সেক্রেটারি জেনারেল রিন্তারো তামাকি এতে বক্তৃতা করেন।
 
বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি স্যাম কুটেসার বার্তা পড়ে শোনানো হয়।