নড়াইলের লোহাগড়ায় গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন মামলার অন্যতম আসামি ও কাশিপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক আজিজুর রহমান আরজু (৪৫) আদালতে আত্মসমর্পন করেছেন। রবিবার দুপুর দুইটার দিকে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আত্মসমর্পণ করেন। বিচারক মোঃ মাজহারুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আরজুকে জেল হাজতে পাঠান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এস আই নজরুল ইসলাম বলেন, গত ১০ মে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি পলাতক আজিজুর রহমান আরজু রবিবার আদালতে আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে ও সেনা সদস্য শফিকুল শেখ এবং পাশ্ববর্তী এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে ববিতা খানমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের বিয়ে হয়। ২০১৩ সালের ২১ নভেম্বর তার বিয়ে করেন। তবে এই বিয়ে শফিকুলের পরিবার মেনে নেয়নি। গত ২৯ এপ্রিল ববিতা শফিকুলের বাড়িতে ওঠে। পরের দিন সকালে শফিকুলসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে গাছে বেঁধে মারপিট করে আহত করে।
এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ মে লোহাগড়া থানায় সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
