চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ইয়ংওয়ান কোম্পানির জ্যাকেট তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার ভোর রাতে ইপিজেডের এক নম্বর রোডের দুই নম্বর সেক্টরে অবস্থিত দক্ষিণ কোরীয় ওই কোম্পানির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে কাটিং মেশিন, আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় শিতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। তৃতীয় তলায় দেয়ালের বাইরের দিকে লাগানো এসির কম্প্রেসর ইউনিটে লাগা আগুন পাইপের ভেতর দিয়ে ভেতরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দশটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
