বিচারক ছুটিতে থাকায় ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে। গতকাল রবিবার ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর কথা ছিল। কিন্তু নথি আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত বিচারক শাহেদ নূর উদ্দিন ২১ মে নতুন দিন ধার্য করে দেন। রাজীবের বাবা, মামলার বাদী ডা. নাজিম উদ্দিন সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল আদালতে হাজির ছিলেন।
২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের তদন্তে উঠে আসে।
গত ১৮ মার্চ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারপ্রক্রিয়া শুরু করে আদালত। সাক্ষ্য শুরুর জন্য তিনি ২১ এপ্রিল সময় ঠিক করে দেন। কিন্তু মামলার অন্যতম আসামি মাকসুদুল হাসান অনিকের আইনজীবীরা অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গেলে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমীন সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন। এ অবস্থায় দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটির গত ১১ মে তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার প্রধান আসামি রেদোয়ানুল আজাদ রানা ছাড়া সবাই এ মামলায় কারাগারে আছেন।
