ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের সরকারী হাসপাতালে বন্দী অবস্থায় চিকিৎসাধীন বিএনপির যুগ্মমহাসচিব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের মানসিক বিপর্যয় এখনো কাটেনি। ভয়, আতঙ্ক আর উৎকণ্ঠা এখনো ঘিরে রেখেছে দুই মাস নিখোঁজ থাকা এই নেতাকে। কোনো কথা মনে রাখতে পারছেন না। এখনও হঠাৎ হঠাৎ আঁতকে উঠছেন ।
স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। বারবার জানতে চাচ্ছেন, হাসিনা আহমেদ কখন আসবেন।
রবিবার দুপুরে ঐ হাসপাতালের এনেক্স ভবনে বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে থাকা সালাহ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
ভিসা পেয়েছেন হাসিনা আহমদ
ভারতে যাওয়ার জন্য রবিবার ভিসা পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ স্ত্রী হাসিনা আহমদ। রাতেই মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি।
গত সোমবার ভারতের মেঘালয়ে সালাহ উদ্দিনের খোঁজ পাওয়ার পর থেকে ভারতীয় হাইকমিশনে ভিসা পেতে দৌড়ঝাঁপ শুরু করেন হাসিনা আহমদ। সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদও প্রতিনিয়ত হাইকমিশনে যোগাযোগ রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
