সিলেটে টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ১৭ মে ২০১৫, ১৯:৪৩
সড়ক ও জনপথ বিভাগ রবিবার সিলেটের চারটি সেতুর টোল বৃদ্ধি করে  দিলে এর প্রতিবাদে বেলা সাড়ে ১১ টার দিকে ট্রাক মালিক, শ্রমিকরা ধর্মঘটে নামে। প্রায় দু‘ঘণ্টা তারা সংশ্লিষ্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে । পরে পুলিশ প্রশাসনেরিঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা। সিলেটের শেরপুর, ফেঞ্চুগঞ্জ, শাহপরাণ ও লামাকাজি সেতুতে এ ধর্মঘট ও বিক্ষোভের ঘটনা ঘটে।
 
এ সময় সেতু এলাকার উভয় পাশে অনেক যাত্রী আটকা পড়েন এবং দুর্ভোগ ও আতংকে ভোগেন। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান- সিলেটের চারটি সেতুতে আগে ট্রাক প্রতি ২০-৫০ টাকা টোল আদায় করা হতো।
 
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিলেটের চারটি সেতুর টোল প্লাজায় হঠাত্ করে যান বাহনের প্রকার ভেদে ৪-৫ গুণ টোল বৃদ্ধির নোটিশ টানিয়ে দিয়ে বাড়তি টোল আদায়ের নোটিশ দেয়া হয়।
 
পূর্ব আলোচনা ছাড়া সড়ক ও জনপথের এরকম অস্বাভাবিক টোল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ট্রাক শ্রমিকরা রাত ১২টা ১ মিনিট থেকে সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন।
 
এদিকে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান আগে যেখানে হেভি ট্রাক প্রতি ৩০ টাকা টোল নেয়া হতো এখন সেখানে ১৩৫ টাকা টোল দিতে হবে। তবে যাত্রীবাহী বাসে ৩০ টাকার স্থলে ৩৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। বিলাশবহুল যানবাহনের জন্যও টোল বাড়ানো হয়েছে।
 
সড়ক ও জনপথ বিভাগের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী ইফতেখার কবির ইত্তেফাককে জানান সরকারী নির্দেশনায় সারা দেশের ব্রিজগুলোতেই টোল বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই।  
 
শ্রমিক নেতা দিলু মিয়া জানান, পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি। তবে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্থ করেন যে সওজের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।  বর্তমানে পূর্বের ন্যায় টোল আদায় করা হচ্ছে বলে জানান তিনি।