দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: তোফায়েল

আপডেট : ১৭ মে ২০১৫, ১৯:৪১
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা দেশকে পিছিয়ে নিতে চায় তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। 
 
রবিবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিএনপি নেত্রী ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে ব্যর্থ হন। পরে আন্দোলনের নামে দেশকে অরাজকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার মধ্যে নিতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভানেত্রী মনোনীত করা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা আজ প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে না আসলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা সম্ভব হতো না। 
 
তিনি বলেন, এই দিনে স্বজন হারানোর বেদনা নিয়ে তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় ফিরে এসেছিলেন। ফিরে এসে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। ২১ বছর পর আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়েছেন। 
 
২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি, ১৭ মে যে উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরেছিলেন, সেই উদ্দেশ্য সফল করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন তিনি। আজকের দিনে এইটা আমাদের প্রত্যাশা।
 
তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন। আর তাঁর স্ত্রী (খালেদা জিয়া) স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছিলেন।
 
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।