জাপার এখনও অস্তিত্ব আছে, এটাই তো বেশি: রওশন

আপডেট : ১৭ মে ২০১৫, ১৯:৫২
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ নিজ দল সম্পর্কে বলেছেন ‘আমাদের দল ২৫ বছর ধরে ক্ষমতার বাইরে। এখনও যে এই দলের অস্তিত্ব আছে, এটাই তো বেশি,বড় সাফল্য।।’
 
সমসাময়িক বিষয় নিয়ে রবিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে জাপার ভরাডুবি সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
 
রওশন বলেন, ‘যেহেতু কোনো খুনা-খুনি হয়নি, তাহলে তো নির্বাচন সুষ্ঠুই হয়েছে, এটা তো বলা যায়। নির্বাচনে কারচুপিও হয়নি। জাপা নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণেই হেরেছে বলে আমি মনে করি।’
 
স্বামী এরশাদের সঙ্গে বিরোধের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রওশন কিছুটা উত্তেজিত হয়ে বলেন ‘এসব মিডিয়ার সৃষ্টি। এরশাদ ও আমার মধ্যে বিরোধ চলছে-গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর অসত্য। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিছুদিন আগে তার (এরশাদের) চোখের অপারেশন হয়েছে, আমি তাকে হাসপাতালে দেখতেও গিয়েছি। বিরোধ থাকলে তো যেতাম না।’
 
মন্ত্রিসভা থেকে জাপার সরে আসার বিষয়ে এরশাদের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে রওশন বলেন, বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ নানা অস্থিরতার কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হবে।
 
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ভারতের মেঘালয়ে সন্ধান প্রসঙ্গ তিনি বলেন, ‌‌‌‌'তাকে পাওয়া গেছে, এজন্য লাখ লাথো শুকরিয়া আদায় করছি। উনি দেশে ফিরলে সব তথ্য মিলবে, তাকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি স্বেচ্ছায় সেখানে গেছেন। এনিয়ে সংসদের আসন্ন বাজেট অধিবেশনেও নিশ্চয়ই আলোচনা হবে।' 
 
বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সংসদ সদস্য শওকত চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।