ব্লু ব্যান্ড কল, প্রজন্ম বাংলাদেশ, সেন্টার ফর জেনারেশনাল চেঞ্জ-এর প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী. বি. চৌধুরী বলেছেন, একটি সুন্দর ভবিষ্যত গড়ার জন্য রাজনীতিতে পুনরায় যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। মনে রাখতে হবে যুবসমাজ জাতির জন্য বোঝা নয় বরং এক অমূল্য সম্পদ। তিনি যুব চার্টার এবং ছায়া যুব মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।
রবিবার তিনি রাজধানীর গুলশানে লেকসোর হোটেলে ‘এ মুভমেন্ট ফর চেঞ্জ: দ্যা জার্নি কনটিনিউস’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।
এতে স্বাগত বক্তব্য দেন আশফাহ্ হক (লোপা) ও প্রজন্ম বাংলাদেশের পক্ষে সারোয়ার মোর্শেদ।
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) হেনরিক ভ্যান এ্যাশভ্যান ভিজক, ব্রিটিশ হাইকমিশনের হেড অফ পলিটিক্যাল এ্যাডরিন জোনস ও হেড অফ প্রেস এন্ড কমিউনিকেশনস ফওজিয়া ইউনিস সুলেমান, আইআরআই-এর আবাসিক কান্ট্রি ডিরেক্টর দিমিটার স্টকভ্ প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।
মাহী বলেন, সহিংস রাজনীতির জন্য গত দুই দশকে দেশের অর্থনীতি থমকে গেছে এবং অনেক প্রাণহাণি ঘটেছে। এখনও আমরা রক্তপাতের ভয়ে ভীতসন্ত্রস্ত। সংলাপের জায়গা দখল করেছে রাজনৈতিক সহিংসতা। জাতি হিসেবে রাজনৈতিক ব্যর্থতার দায় আমরা এড়াতে পারি না।
তিনি বলেন, রাজনৈতিক সহনশীলতা, জবাবদিহিতা এবং শ্রদ্ধার অভাবে একটি নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সংসদ ও সংসদের বাইরে কার্যকর বিরোধীদল নেই। গণতন্ত্রকে গতিশীল এবং সুশাসন নিশ্চিত করতে ভারসাম্য হিসেবে যুবসমাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।টেকসই রাজনৈতিক সংস্কারের জন্য ‘এ মুভমেন্ট ফর চেঞ্জ: দ্যা জার্নি কনটিনিউস’ একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, রাতারাতি কোনো বিপ্লবের বিষয় নয়।
