অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক রবিবার বলেন, কেভিন পিটারসেন ছাড়া ইংল্যান্ড দল অনেকটাই দুর্বল। আগামী মাসে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজ সামনে রেখে এমন মন্তব্য করলেন ক্লার্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার উদ্দেশে ক্যারিবীয় যাত্রার আগে অ্যাসেজের প্রতিপক্ষ ইংল্যান্ড নিয়ে মন্তব্য করলেন তিনি। জুলাইয়ের আট তারিখ কার্ডিফ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজ।
অ্যাসেজের মধ্য দিয়ে ইংল্যান্ড দলের হয়ে সব ঘরানার ক্রিকেটেই সর্বোচ্চ রানের মালিক কেভিন পিটারসেন ফের জাতীয় দলে ডাক পাবেন বলে সম্প্রতি জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্ত ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক অ্যান্ড্রু স্ট্রস গত সপ্তায় জানিয়ে দেন- ‘এই গ্রীষ্মে পিটারসেনকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা নেই’।
তিনি বলেন, এ ব্যাপারে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড এবং বিতর্কিত এই ব্যাটসম্যানের মাঝে ‘পারস্পরিক আস্থা নিয়ে বিশাল সমস্যা’ আছে।
পিটারসনহীন ইংল্যান্ড দল নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন অস্ট্রেলিয়া অধিনায়ক ক্লার্ক, ‘এখানে আমার দুই ধরনের ভাবনা কাজ করছে। আমার কাছে কেভিন পিটারসেনের একটা জায়গা আছে, যেখান থেকে আমি তাকে অনুভব করতে পারি, কেননা আমি তাকে ভালো বুঝতে পারি। তাকে আবারো ইংল্যান্ড দলের হয়ে ক্রিকেট খেলতে দেখতে চাই। সে অসাধারণ নৈপূণ্যের মধ্যে আছে, সে এখনো অনেক বড় মাপের একজন খেলোয়াড় এবং আমি জানি সে খেলতে চায়। এইদিক থেকে আমি তাকে অনুভব করি।’
ক্লার্ক আরো বলেন, ‘অন্য দিকটা হলো-আমরা শিগগির ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছি। তবে আমি মনে করি, কেভিন পিটারসেন ছাড়া ইংল্যান্ডের কোনো দলই ততটা শক্তিশালী না। তার পরিসংখ্যানই এটা জানান দিচ্ছে। দীর্ঘদিন যাবত সে একজন অসাধারণ খেলোয়াড় এবং অবশ্যই বর্তমানে তিনি তার ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন।’
ক্লার্কের সঙ্গে একমত পোষণ করেন অপর দুই সতীর্থ রায়ান হ্যারিস ও পিটার সিডলও। দীর্ঘ ১৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ শিরোপা কাটানোর আশা পোষণকারী এ দুই খেলোয়াড়ের মতে ইংল্যান্ড দলে পিটারসেন নেই এটা তাদের জন্য যেন হাফ ছেড়ে বাঁচা।
সূত্র: এএফপি
