কোন প্রকল্প দুইবারের বেশি সংশোধন করা হবে না: পরিকল্পণামন্ত্রী

আপডেট : ১৭ মে ২০১৫, ২১:০৬
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা রোধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, বছর শেষে প্রকল্পের অর্থ খরচ বেড়ে যায়। এতে প্রকল্পের গুণগত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ পরিস্থিতি রোধে প্রতি প্রান্তিকে বরাদ্দের ২৫ শতাংশ অর্থ ব্যয়ের বাধ্যবাধকতা দেয়া হবে।
 
রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
 
পরবর্তীতে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এখন থেকে কোন প্রকল্প বাস্তবায়নে যতদিন সময় লাগবে, ঠিক ততদিনই দেয়া হবে। কোনভাবেই অতিরিক্ত সময় দেয়া হবে না। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে। এ মূল্যায়নে যে সব প্রকল্প পরিচালক ভালো করবেন, তাদেরকে পরবর্তীতে বড় প্রকল্পের দায়িত্ব দেয়া হবে। প্রকল্প সংশোধনের বিষয়ে তিনি বলেন, কোন প্রকল্প দুইবারের বেশি সংশোধন করা হবে না। তিনি বলেন, কোন কোন ক্ষেত্রে দেখা যায়, একটি প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। প্রকল্পটি আরো বেশিদিন জিয়িয়ে রাখতে প্রকল্প পরিচালক তার সঙ্গে আরো অনেক কিছু জুড়ে দিয়ে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া প্রলম্বিত করেন। এ ধরনের প্রকল্পকে সংশোধিত আকারে অনুমোদন দেয়া হবে না। প্রয়োজনে নতুন প্রকল্প নেয়া হবে। একনেকে যেভাবে অনুমোদন হবে, ঠিক সেভাবেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। যেমন বর্ষাকালে নদী ভাঙ্গন রোধে কোন প্রকল্প নেয়া হবে না। কারণ বর্ষার সময় এ ধরনের প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করা যায় না। এ ধরনের প্রকল্প আগস্টে অনুমোদন দেয়া হবে এবং অক্টোবরে দরপত্র সম্পন্ন হবে। শুষ্ক মৌসুমে এটি বাস্তবায়ন করা হবে।
 
সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব মোহাম্মদ সফিকুল আজমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।