পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাকিবুল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মঠবাড়িয়া সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি (সহসভাপতি) ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত ক্ষোভের রেশে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার বেতমোড় বাজার সংলগ্ন বেতমোড় রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি কালভার্টের ওপর বসে রাকিবুল কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ধারালো রাম দা ও কুড়াল দিয়ে চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাকিবের সঙ্গে থাকা অন্যরা এ সময় দৌঁড়ে পালিয়ে যান। রাকিবের আর্তচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
