জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্টো ও রংপুর বিভাগের মধ্যকার খেলাটি পাতানো ছিলো, এমন অভিযোগ করেছে খুলনা বিভাগ। খুলনার করা অভিযোগের ভিত্তিতে রবিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বিসিবির অ্যান্টি করাপশন কোড অনুযায়ী তদন্ত হবে। সেটি করবে বিসিবির অ্যান্টি করাপশন বিভাগ।
জাতীয় ক্রিকেট লিগে সদ্য শেষ হওয়া মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। তাদের প্রথম শিরোপা জয় নিয়েই এখন প্রশ্ন উঠেছে।
এদিকে গত শনিবার গুলশানে নিজ বাসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লিগের ম্যাচ ফিক্সিং প্রসঙ্গে বলেন, ‘ম্যাচ রেফারি কমেন্টে কিছুই দেননি। তবে এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটি তদন্ত কমিটি করে দিব। এর পর ডিসিপ্লিনারি কমিটি এটার অ্যাকশন নেবে। এটাতে হালকা করে দেখার কোনো সুযোগ নেই'।
