আট বখাটে শনাক্ত ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

আপডেট : ১৮ মে ২০১৫, ০০:০৫

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য এক লাখ করে টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আজিপি) একেএম শহীদুল হক এ ঘোষণা দেন। তিনি বলেন, এখন পর্যন্ত শনাক্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে খুব শিঘ্রই সকলের সহযোগিতা পেলে এই বখাটেদের আটক করা সম্ভব হবে।

 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ছাত্র ইউনিয়নের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতর ঘেরাও কর্মসূচিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে   ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, যদি কোন পুলিশ সদস্যও হয় তাহলে তার বিরুদ্ধেও সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক সুযোগ বুঝে নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন। সে সময় চার নিপীড়ককে ধরে এসআই আশরাফসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে দেয়া হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন ছাত্র ইউনিয়ন নেতা লিটন।