মেয়র হিসাবে নিজের সম্মানীর অর্থ প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। করপোরেশনের দেয়া গাড়ি ব্যবহার না করারও ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র। গতকাল রবিবার চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সংবর্ধনা নিয়ে মেয়র এ কথা বলেন।
গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে আ.জ.ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম অপার সম্ভাবনার জায়গা। যোগ্য নেতৃত্বের অভাবে আগে চট্টগ্রামের প্রতি সরকারের যথার্থ নজর পড়েনি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি চট্টগ্রামের উন্নয়নে আপোষহীন ভাবে কাজ করে যাবো। দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতাকে কবর দিয়ে একটি জনকল্যাণমূলক করপোরেশন গড়ে তুলতে কাজ করে যাবো।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, সামশুল হক চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান, নঈমউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সম্মানী ভাতা প্রতিবন্ধীদের জন্য ব্যয়ের পক্ষে যুক্তি তুলে ধরে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, আমাদের শহরে অনেক প্রতিবন্ধী সন্তান আছে। কোনো হতদরিদ্র পরিবারে যদি এরকম কন্যা সন্তান থাকে তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু হয় না। তাদের দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।
২৮ এপ্রিল সিটি নির্বাচনের আগেই প্রচারণার সময়ই নির্বাচিত হলে সম্মানী ভাতা ও করপোরেশন থেকে কোনো রকম সুবিধা না নেয়ার ঘোষণা দিয়েছিলেন নাছির। সিটি করপোরেশনে নিজের পরিকল্পনার কথাও জানান নতুন মেয়র। সরকার কিংবা অন্য কোনো সংস্থার কাছ থেকে টাকা না নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত খরচে করপোরেশনকে অটোমেশনের আওতায় আনার ঘোষণা দেন তিনি।
নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় নতুন মেয়র ও কাউন্সিলরদের এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। হাসিনার স্বামী এবিএম মহিউদ্দিন চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব।
