আজ সোমবার মধ্য রাত থেকে বাংলাদেশের প্রধান মত্স্য উত্পাদন ক্ষেত্র কাপ্তাই হ্রদে মাছধরা ও পোনামাছ নিধন বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বাংলাদেশ মত্স্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক, বিএফডিসি কমান্ডার, (সি), বিএন মো. মাইনুল ইসলাম ও রাঙ্গামাটি জেলা প্রশাসন মো. সামসুল আরেফিন যৌথভাবে এ ব্যবস্থা গ্রহণ করেছেন। রবিবার রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক আদেশে এ কথা জানানো হয়।
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উত্পাদন বৃদ্ধি, ডিমওয়ালা মা মাছের ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিতকরণ এবং হ্রদে অবমুক্ত করা কার্প জাতীয় মাছের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদ থেকে সকল প্রকার মত্স্য আহরণ, পরিবহন এবং বাজার জাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আদেশে বলা হয়, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি এবং উত্পাদন বাড়াতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হ্রদে সবধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। তবে শুঁটকি মাছের ক্ষেত্রে ২১ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেয়া হয়।
