বাগেরহাটে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১৮ মে ২০১৫, ১৩:২৬
 
বাগেরহাটে ঝুমুর রাণী মজুমদার (১৯) নামে এক গৃহবধূকে স্বামী ও তার পরিবারের সদস্যরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঝুমুর ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা গ্রামের উত্তরপাড়ার নির্মল কুমার মজুমদারের মেয়ে।
 
ঝুমুরের ভাই বাপ্পী মজুমদার অভিযোগ করেন, দুই বছর আগে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঝুমুর ও গৌতমের। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত শুক্রবার আমার বোন বাড়িতে বেড়াতে এসে চার কাটা জমি কিনতে বাবার কাছে দুই লাখ টাকা চায়। বাবা কিছুদিনের মধ্যে ঐ টাকা দেবেন বলেন। পরদিন ঝুমুর শ্বশুর বাড়ি চলে যায়। রবিবার রাত সাড়ে নয়টার দিকে আমার বোনের বাড়ি থেকে ফোন করে জানায় যে আমার বোন অসুস্থ হয়ে পড়েছে। সেখানে গিয়ে ঝুমুরের লাশ দেখতে পাই।
 
তিনি অভিযোগ করেন, জমি কেনার দুই লাখ টাকা চেয়ে তা না পেয়ে পরিকল্পিতভাবে ওরা আমার বোনকে শ্বাসরোধে হত্যা করেছে।
 
অভিযোগ অস্বীকার করে নিহতের ভাসুর বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য উত্তম দত্ত বলেন, জমি কেনার জন্য কোন টাকা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কাছে চাওয়া হয়নি। তুচ্ছ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে সে ঘরের দরজা আটকে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে।
 
বাগেরহাট মডেল থানার ওসি মোঃ তোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঝুমুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।