ফেদেরারকে হারিয়ে ইতালিয়ান ওপেন জিতলেন জকোভিচ

আপডেট : ১৮ মে ২০১৫, ১৫:০৫
 
সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে চতুর্থবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। রোমে অনুষ্ঠিত ফাইনালে জকোভিচ ৬-৪, ৬-৩ গেমের সরাসরি সেটে ফেদেরারকে হারিয়ে শিরোপা জয় করেন। আর এর মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনের অনুশীলনটাও বেশ ভালভাবেই সেড়ে রাখলেন সার্বিয়ান তারকা।
 
কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়া সাতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের অনুপস্থিতিতে নিজের শিরোপা ধরে রাখার রক্ষ্যে জকোভিচ সেন্টার কোর্টে একচেটিয়া পারফরমেন্স প্রদর্শন করেছেন। রোমে এই নিয়ে ফেদেরার চারবার ফাইনালে পরাজিত হলেন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে আগামী ১৯ মে। রোমের এই শিরোপার মাধ্যমে এবার অন্তত নাদালকে হটিয়ে রোলা গ্যাঁরোতে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন জকো। একইসাথে আটটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এখন পর্যন্ত অধরা এই শিরোপাটি স্পর্শ করার লক্ষ্যেই প্রতিপক্ষের সামনে অবতীর্ণ হবেন।
 

রোমের ফাইনালে প্রথম থেকে অবশ্য দুজনই সমানে সমান চলছিলেন। প্রথম সেটে ৫-৪ গেমে এগিয়ে থাকার পরে ফেদেরারের বিপক্ষে প্রথম ব্রেক পয়েন্ট জয় করে সেটটি জয় করে নেন জকোভিচ। ক্ল্যাসিক ব্যাকহ্যান্ড কিছু শটে দারুণ কয়েকটি পয়েন্ট অর্জন করেছিলেন ফেদেরার। কিন্তু জকোভিচের শক্তিশালী এবং গতিময় ফোরহ্যান্ড মূলত ধরাছোঁয়ার বাইরে ছিল। দ্বিতীয় সেটে প্রথমেই জকোভিচ ২-০তে এগিয়ে যান। সেই লিড থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জকোভিচকে। মাত্র ৭৬ মিনিটে ফেদেরারকে উড়িয়ে দিয়ে চতুর্থবারের মতো রোমের শিরোপা দখল করেন বিশ্বের এক নম্বর তারকা।