ভারতের শিলংয়ে পুলিশের কাছে আটক ও চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ দেশে ফিরে আসতে চান বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
সোমবার তার সিটিস্ক্যান শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘আমি দেশে ফিরে যেতে চাই। আমিতো কোন মার্ডারার নই ,কোনো দাগি আসামিও নই। আমার দেশ বাংলাদেশে ফিরতে চাই।’
‘দি টাইমস অব ইন্ডিয়া’র শিলং প্রতিনিধি মানস দাসের সাথে সোমবার বিকাল ৫টায় এই প্রতিনিধি মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সালাহ উদ্দিনের এ বক্তব্যের কথা জানান।
মানস দাস আরো জানান, বিএনপি নেতা সালাউদ্দিন এখন তার স্ত্রী হাসিনা আহমদের জন্য অপেক্ষায় রয়েছেন।
সালাহ উদ্দিন সাংবাদিকদের বলেছেন ‘আমিতো কোন মার্ডারার নই, কোনো দাগি আসামিও নই। অথচ সরকার আমার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করেছে। এ ধরণের কাজ তারা ঠিক করেনি। আমি বাংলাদেশের একজন রাজনীতিবিদ।
বিএনপির এই নেতা তাদের আরো বলেন, আমাকে চোখ, হাত, পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়। এমনকি তারা আমার কানও বেঁধে রাখে। তাই আমি কিছু শুনতেও পারিনি। পরে স্থানীয় মানুষদের অনুরোধ করলে তারা পুলিশকে খবর দেয়। সেখান থেকে পুলিশ থানায় নিয়ে যায়।
সালাউদ্দিন জানান, ১২ থেকে ১৪ ঘণ্টা জার্নি করার পর এখানে ফেলে দিয়ে যায় তারা। সালাহ উদ্দিন তার শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, অসুস্থ হয়ে যাচ্ছি। তবে অনেক কাজ ঠিকমতো করতে পারছি না।
তার দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্ত্রী হাসিনার জন্য অপেক্ষা করছি। তিনি আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন দেশে যাব না? আমার দেশ বাংলাদেশ। আমি সেখানেই যাব।
এদিকে, অসুস্থ সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সাংবাদিক মানস জানান, তার চিকিৎসা সংক্রান্ত কারণে তাকে আজো আদালতে নেয়া হয়নি।
