প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয়ের শিলং-এ সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের স্মৃতিভ্রমের প্রমাণ পান নি চিকিৎসকরা। রবিবার তার শারীরিক পরীক্ষার পর ডা. ডি জে গোস্বামী বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন।
গত ১০ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সালাহউদ্দিন। এসময় তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় আইন শৃঙ্খলা বাহিনী উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তুলে নিয়ে যায় সালাহউদ্দিনকে।
এর পর প্রায় দুই মাস পর ১১ মে শিলং-এ সালাহউদ্দিনের খোঁজ পাওয়া যায়। শিলং-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন সালাহউদ্দিনকে দেখতে গিয়ে বিএনপির এক নেতা দাবি করেন 'কথা মনে রাখতে পারছেন না তিনি'। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সাংবাদিকদের বলেন, 'তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে কোনো কথা মনে রাখতে পারছেন না'।
এর প্রেক্ষিতেই তার শারীরিক পরীক্ষা করে ডাক্তার 'স্মৃতিভ্রম হয়েছে' এমন কোন প্রমাণ না পাওয়ার কথা জানান।
শিলং সিভিল হাসপাতালে বিচারাধীন বন্দীদের সাথে চিকিৎসা চলছে সালাহউদ্দিন আহমদের। হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোস্বামীর তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
