রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সোমবার র্যাব অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৭০টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পরে র্যাবের ভ্রাম্যমান আদালত গ্রেফতার হওয়া ৬ জনের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেন।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মালেক (৩২), নাসির (২২), এসএম টুটুল (৩০), আওলাদ মুন্সি (৪৮), রাজু (২৭) ও রানা (২৮)।
র্যাব-২ জানায়, সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পাশ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পুরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ২০০০-৬০০০ টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল। পাসপোর্ট প্রার্থীরা রাজী না হওয়া পর্যন্ত দালালরা নানাভাবে বিরক্ত করে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
