রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও ১৩টি একাডেমিক বিভাগ এবং একটি ইন্সটিটিউট খোলার কথা জানিয়েছেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। ইতিমধ্যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকুরীর বয়স সীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে।
মাইক্রোবায়োলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, সয়েল সায়েন্স, হার্টিকালচার, নিউট্রিসন এন্ড ফুড টেকনোলজি, বিজনেস এন্ড ট্রেড ল, আইন ও ভূমি প্রশাসন, আন্তর্জাতিক ও তুলনামূলক আইন, ব্যক্তি আইন ও সমাজ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ১২টি বিভাগ খোলার পরিকল্পনার কথা জানান উপাচার্য। এছাড়াও 'ইন্সটিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেস' নামে একটি ইন্সটিটিউট খোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ সিনেটের ২১তম বার্ষিক সভায় সভাপতির ভাষণে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এসব কথা জানান।
এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় বাজেট না পাওয়ার অভিযোগ করে বলেন,‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা চাহিদা অনুযায়ী বাজেট পাই না। এর ফলে আমাদের শিক্ষা ও গবেষণা কাজ ব্যাহত হয়।'
২০০০-২০০১ থেকে বর্তমান ২০১৪-২০১৫ অর্থ বছর পর্যন্ত ঘাটতি বাজেট নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
সিনেটের এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ আগামী ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট প্রস্তাব এবং চলতি ২০১৪-২০১৫ অর্থবছরের ২৭০ কোটি ৮০ লক্ষ টাকার সংশোধিত বাজেট পেশ করেন।
সকাল ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মরহুম বিশিষ্ট ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। অধিবেশন সঞ্চালনা করেন সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম. এন্তাজুল হক। অধিবেশনে ১০৩ সদস্যের সিনেটের মধ্যে ৫৩ জন সিনেটর উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাবিতে বর্তমানে ৫০টি একাডেমিক বিভাগ ও ৫টি ইন্সটিটিউট রয়েছে।
