নিয়ম ভেঙ্গে আনুশকার টানে গ্যালারিতে কোহলি!

আপডেট : ১৯ মে ২০১৫, ০১:৪৬

ভারতীয় তারকা ক্রিকেটার ভিরাট কোহলি তার প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মাকে কেমন ভালোবাসেন—এর প্রমাণ আবারো দিলেন। গত রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের মধ্যকার ম্যাচে বৃষ্টির বাগড়ার সময় নিয়ম ভঙ্গ করে গ্যালারির ভিআইপি বক্সে গিয়ে আনুশকার সামনে হাজির হন তিনি। টিভি ক্যামেরার সৌজন্যে তাদের      এই মিলনপর্ব দেখতে পান দর্শকরাও। দর্শকদের হর্ষধ্বনিতে এটাই স্পষ্ট     হয় যে, তারাও  ব্যাপারটি উপভোগ করেছেন। 

 
নিয়মবহির্ভূত এমন কাণ্ডের জন্য কোহলির বিপক্ষে পদক্ষেপ নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ইউনিটের নিয়মানুসারে খেলা শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া কারো সঙ্গে দেখা করতে পারেন না। আইপিএল কর্তৃপক্ষও নিয়মটি মেনে আসছে। আনুশকার সঙ্গে দেখা করায় ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি এই নিয়ম ভাঙ্গার দোষে দোষী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ওই সময়টায় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিলো।
 

ম্যাচের সময় উপস্থিত ছিলেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুকলা। তিনি জানান, সত্যিকার অর্থে কোহলি আকশুর নিয়ম ভেঙ্গে থাকলে তাকে সতর্ক করে দেয়া হবে। এ ব্যাপারে আইপিএল চেয়ারম্যান হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে আমি আকশুর কাছ থেকে কোনো সতর্কবার্তা পাইনি। তারা যদি কোনো রিপোর্ট করে এবং সে যদি নিয়ম ভেঙ্গে থাকে, তাহলে এমনটি আর না করার জন্য কোহলিকে সতর্ক করে দেয়া হবে। তবে তার এই কাজটা করা উচিত হয়নি।’—হিন্দুস্থান টাইমস