মেসির গোলে বার্সার শিরোপা উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৫, ০২:৩৭

লিওনেল মেসির একমাত্র গোলে বার্সেলোনা গত রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে জিতে কেবল লা লিগায় জিতেনি, গেলবার এই দলটির কাছে হেরে শিরোপা খোয়ানোরও শোধ নিল।

 
বার্সেলোনার এটি হলো ২৩তম লিগ শিরোপা জয়। এ জয়ে কাতালান দলটি ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলো। কেননা বার্সা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে’র ফাইনালেও উঠে বসে আছে। গত সাত মৌসুমে এটি বার্সেলোনার পঞ্চম লা লিগা জয়।
 
কাতালানদের শিরোপা জয়ের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো এস্পানিওলের মাঠে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলের বড় জয় এনে দিলেও তা কোন কাজে আসেনি। বরং তাদেরকে এ মৌসুমে শিরোপাহীনই থাকতে হলো।
 
কাতালানরা গত মৌসুমে শিরোপা জয়ের দোরগোড়া থেকে ফিরে গিয়েছিল। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে এই অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করেই লা লিগা শিরোপা খুইয়েছিল বার্সা। এবার প্রতিপক্ষের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে গেলবারের চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা উদ্ধার করলো কোচ লুই এনরিখের দল।
 
লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মৌসুমে বার্সার লক্ষ্য থাকবে ট্রেবল জয়। সে  সম্ভাবনাও অনেক উজ্জ্বল এখন। ৩১ মে কোপা ডেল রে’র ফাইনালে ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিকো বিলবাও’র মুখোমুখি হবে বার্সা।
 
৬ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের সঙ্গে লড়বে তারা। খেলা দুটিতে জয় পেলেই দ্বিতীয়বার ‘ট্রে্বল’ জয়ের ইতিহাস গড়বে তারা। এর আগে কোচ পেপ গার্দিওলার তত্ত্বাবধানে ২০০৮-০৯ মৌসুমে ‘ট্রেবল’ জিতেছিলো বার্সা।
 
গত আসরের লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর মাঠে শুরুটা আশানুরূপ ছিলো না অতিথি বার্সেলোনার। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমর্থকরা অস্বস্তি অনুভব করলেও মুগ্ধতা ছড়িয়েছে বার্সা-অ্যাটলেটিকোর খেলা। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দিয়েগো সিমিওনির দল। কর্নার থেকে হোসে মারিয়া গিমেনেজের একটি হেড এবং অ্যান্থোনিও গ্রিয়েজম্যানের একটি শট ব্যর্থ করে দেন বার্সার চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তবে প্রথমার্ধে বার্সাও বেশ কিছু গোলের সুযোগ পায়। এর মধ্যে দানি আলভেসের ক্রস থেকে মেসি হেড নিলে তা ফিরিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাক।
 
দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলায় স্বাগতিক অ্যাটলেটিকোর দাপট দেখা যায়। কিন্তু খেলার ৬৫তম মিনিটে বার্সা জয়সূচক একমাত্র গোলটির দেখা পেয়ে যায়। সতীর্থ পেদ্রো রদ্রিগেজের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্য থেকে সরাসরি অ্যাটলেটিকোর জালে বল জড়ান মেসি। চলতি মৌসুমে লা লিগায় এটি আর্জেন্টাইন স্ট্রাইকারটির ৪১তম গোল। মেসির গোলটির পর বার্সা জয়ের পাল্লা ভারী করার জন্য আরো কিছু সুযোগ পেয়েছিলো। এর মধ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার একাই দুটি প্রচেষ্টায় ব্যর্থ হন।
 
বার্সার কাছে হারায় লিগে নিজেদের শেষ খেলাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে অ্যাটলেটিকোর জন্য। লিগের পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে থেকে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হলে শেষ খেলায় গ্রানাডার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেতে হবে তাদের। ভ্যালেন্সিয়া রবিবার রাতে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় অ্যাটলেটিকোর ওপর চাপ বেড়েছে। তাদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে চতুর্থস্থানে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।
 
  শেষ ১০ চ্যাম্পিয়ান
 
বার্সেলোনা গত রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিত করে। কাতালান দলটি এ নিয়ে ২৩ বার স্পেনের লা লিগা জয়ের কৃতিত্ব দেখালো। যদিও সর্বাধিক ৩২টি শিরোপা জয়ের রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের।
 
লা লিগায় সর্বশেষ ১০ চ্যাম্পিয়ন ক্লাবের তালিকা :
 
২০১৪/১৫ :                বার্সেলোনা
 
২০১৩/১৪ :                অ্যাটলেটিকো মাদ্রিদ
 
২০১২/১৩ :                বার্সেলোনা
 
২০১১/১২ : রিয়াল মাদ্রিদ
 
২০১০/১১ :                বার্সেলোনা
 
২০০৯/১০ :               বার্সেলোনা
 
২০০৮/০৯ :               বার্সেলোনা
 
২০০৭/০৮ :               রিয়াল মাদ্রিদ
 
২০০৬/০৭ :               রিয়াল মাদ্রিদ
 
২০০৫/০৬ :               বার্সেলোনা
 
সর্বমোট শিরোপা :
 
রিয়াল মাদ্রিদ :               ৩২টি
 
বার্সেলোনা :                 ২৩টি
 
অ্যাটলেটিকো মাদ্রিদ :  ১০টি
 
অ্যাথলেটিক বিলবাও : ৮টি
 
ভ্যালেন্সিয়া :                 ৬টি
 
রিয়াল সোসিয়েদাদ :       ২টি
 
দেপোর্তিভো লা করুনা :  ১টি
 
সেভিয়া :                      ১টি
 
রিয়াল বেটিস :              ১টি
 
—বাসস