রোনালদোর বিফল হ্যাটট্রিক

আপডেট : ১৯ মে ২০১৫, ০২:৪০

ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমে সপ্তমবারের মতো হ্যাটট্রিক করেছেন। তাতে গত রবিবার রাতে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েও হতাশা নিয়েই ক্লাবে ফিরতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কেননা একই রাতে বার্সেলোনা লিওনেল মেসির একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগা জিতে নেয়।

 
রিয়াল তারকা রোনালদো এস্পানিওলের মাঠে খেলতে এসে দুর্দান্ত নৈপুণ্য দেখান। লা লিগায় নিজের ২৬তম হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে ৪-১ গোলের সহজ জয় এনে দেন এই পর্তুগিজ স্ট্রাইকার। খেলার ৫৯, ৮৩ এবং যোগ হওয়া সময়ের প্রথম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগীজ স্ট্রাইকারটি।
 
এবারের লা লিগায় ৪৫টি গোল করলেন রোনালদো। বার্সেলোনা তারকা মেসির গোল হলো ৪১টি। রিয়ালের হয়ে অপর গোলটি করেন মার্সেলো। সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত রোনালদোর গোল হলো ৫৭টি। ২০১১-১২ মৌসুমে গড়া ৬০ গোলের রেকর্ডটি থেকে রোনালদো কেবল তিনটির ঘাটতিতে আছেন।
 
স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি গোলের জন্য দেয়া পুরস্কার ‘পিছিছি’ জয়ের জন্য সুবিধাজনক অবস্থায় আছেন রোনালদো। মজার ব্যাপার হলো- পর্তুগীজটি ‘পিছিছি’ জিতলে লা লিগার শিরোপা জিততে পারেন না। এর আগেও দুইবার এমনটি ঘটেছে। ২০১১-১২ মৌসুমে তার (৪১ গোল) প্রথম ‘পিছিছি’ জয়ের সময়ও চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। গেলবার ৩১ গোল করে লা লিগার সর্বোচ্চ স্ট্রাইকারের পুরস্কার পেলেও চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।
 
বার্সেলোনার সাথে লিগের লড়াইয়ে পিছপা হলেও এদিনের খেলায় অধিনায়কত্ব করা মার্সেলো জানিয়েছেন তারা আগামী বছরের জন্য ভুলগুলো থেকে শিক্ষা নেবেন। তিনি বলেন, ‘আমরা লা লিগা জয়ের জন্য সম্ভাব্য সকল চেষ্টাই করেছি। আমরা শেষ পর্যন্ত লড়েছি; কিন্তু পারিনি। আমাদের বার্সেলোনাকে অভিনন্দিত করতে হবে।’