গোপালগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে লাক্কু মোল্লা (৬৩) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় নিহতের বড় ভাই ইউপি সদস্য মাক্কু মোল্লা আহত হন। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান ইউপি সদস্য মাক্কু মোল্লা এবং সাবেক ইউপি সদস্য খোকন মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে বর্তমান ইউপি সদস্য মাক্কু মোল্লার ভাই লাক্কু মোল্লাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত মাক্কু মোল্লা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করেছে পুলিশ।
ঘটনার পর ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্যে, ২০১৪ সালের নভেম্বর মাসে মাক্কু মোল্লার লোকজন খোকন মোল্লার ভাই ফরিদ মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
