ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই প্রধান কোচের দায়িত্ব থেকে পিটার মুরসকে সরিয়ে দেয় ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পেতে ইতোমধ্যে অনেকেই দৌঁড়ঝাপ শুরু করেছেন। সেই তালিকায় এগিয়ে আছেন দুই সাবেক অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পি ও জাস্টিন ল্যাঙ্গার। তবে দায়িত্ব নেয়ার আগেই এই দু’জনকে সর্তক করে দিলেন তাদেরই আরেক সাবেক সতীর্থ ম্যাথু হেইডেন। তার মতে, ‘এই পদে তাদের আবেদন করাটা হলো উন্মাদের মতো কাজ।’
হেইডেনের মতে, ‘এই পদে তাদের আবেদন করাটা হলো উন্মাদের মতো কাজ। কারণ যে কোনো সময় ইসিবির কাছ থেকে অপমানিত হতে পারে তারা। আমার মনে হয় ঐ জায়গাটি অনেক বেশি ভয়ানক। গেল ছয় মাস যাবত বিপজ্জনক সময় পার করেছে দলটি এবং সামনে আরো কঠিন সময়ের মুখোমুখি হতে হবে তাদের। কারণ চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর তাদের বড় পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ার কাছে। তবে সব সমস্যা থেকে উত্তরণের জন্য খুব শিগগিরই পথ খুঁজে বের করতে হবে তাদের। কিন্তু ইংল্যান্ডের জন্য কাজটি মোটেও সহজ হবে না। ঠিক তেমনি গিলেস্পি-ল্যাঙ্গারের জন্যও।’
তবে ভবিষ্যতে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব নেয়ার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারেন গিলেস্পি-ল্যাঙ্গার এমন উপদেশও দেন হেইডেন। এ জন্য শর্তও জুড়ে দিয়েছেন তিনি, ‘অদূর ভবিষ্যতে ইংল্যান্ড দলের পরিস্থিতি ভালো হলে গিলেস্পি-ল্যাঙ্গার কোচের দায়িত্বটা হাসিমুখেই গ্রহণ করতে পারেন। এজন্য দলটির অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাদের। কারণ খুব সহজে ভালো অবস্থায় ফিরতে পারবে না তারা। এজন্য অনেক কাঠ-খড়ও পুড়াতে হবে তাদের।’
এমন কঠিন পরিস্থিতিতে দলের প্রধান কারণ কি? এমন প্রশ্নের উত্তরটা দিতেও কার্পণ্য করেননি হেইডেন, ‘অনেক বিষয় আছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— কেভিন পিটারসেন ইস্যু। সম্প্রতি এই ইস্যুটি তাদের আরো বেশি সমস্যায় ফেলে দিয়েছে। এটি সমাধান করার জন্য বোর্ড ও পিটারসেনের মধ্যেই আলাপ আলোচনা করা উচিত।’
